নওগাঁয় সামাজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেলের নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিটের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পেইন শুরু হয়।
ইস্কুল ম্যাগাজিন হাতে
দিনব্যাপী এই কর্মসূচিতে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে, তাদেরকে ১৮ তম জন্মদিনেই প্রথম রক্তদানের আহ্বান জানানো হয়। আয়োজনে সহযোগী হিসেবে ছিলো বিআরএফ ইয়ুথ ক্লাব, ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিলো ‘মাসিক ইস্কুল’।
অনুষ্ঠান শেষে গ্রুপ ফটো
নওগাঁ ব্লাড সার্কেল, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিটের সভাপতি রাহাদ হাসান আকাশ বলেন, জরুরি মুহূর্তে রক্তের অভাবে রোগীর স্বজনদের কষ্টকর পরিস্থিতিতে পড়তে হয়। এমনকি জরুরি রক্তের অভাবে মৃত্যুর ঘটনাও কম নয়। রক্তদান সংগঠনের পক্ষে এত রক্ত জোগাড় করা কঠিন কাজ। এই সমস্যার সমাধান তখনি হবে, যখন সমাজের প্রতিটি স্তরের মানুষ রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন হয়ে উঠবেন।
হাট-নওগাঁ স্কুল থেকে নতুন সদস্য
তিনি আরও বলেন, আমরা নওগাঁ ব্লাড সার্কেল থেকে এই সচেতনতা বৃদ্ধির কাজটাই করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজ আমরা এই স্কুলে ৯৩ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে জানিয়ে দিয়েছি। এ ছাড়া, ২০ জন নতুন সদস্য সংগ্রহ করেছি, যারা তাদের ১৮ তম জন্মদিনেই প্রথম রক্তদান করতে আগ্রহী হবেন, ইনশাআল্লাহ।
নওগাঁ ব্লাড সার্কেল, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিটের সাধারণ সম্পাদক মো. হায়ালিল বলেন, আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্ত সাড়ে ৬ হাজারের অধিক ব্যাগ রক্ত বিনামূল্যে ডোনেট করেছি। পাশাপাশি, রক্তদানে সচেতনতা বৃদ্ধি ও থ্যালাসেমিয়া রোগীদের সেবায় যথাসম্ভব কাজ করে যাচ্ছি। আশা করছি, আগামীতে আমাদের কার্যক্রম আরও বেশি কার্যকর হবে, ইনশাআল্লাহ।
ইস্কুল ম্যাগাজিন পড়ছে নতুন সদস্য
ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আরজিনা আক্তার বর্ষা, কাজী জেরিন, স্নেহা নন্দী, সোলেমান আলী, হাবিবুন নবি পাভেল, জাকির ইসলাম, মো. মিল্লাত মিয়া, জাকারিয়া হোসেন দিপু, মো. মোসাদ্দেকুল ইসলাম, মো. সাদিক ইসলাম ও মো. রাফি।
আরও উপস্থিত ছিলেন নওগাঁ ব্লাড সার্কেলের কেন্দ্রীয় সভাপতি শাহনেওয়াজ রক্সি, সহ সভাপতি মুহাম্মদ ফরহাদ আলম ও জারিন ইসলাম ইরা।
রক্তদানের গুরুত্ব বিষয়ক আলোচনা ও ‘ইস্কুল’ ম্যাগাজিন উপহার দেওয়ার মধ্য দিয়ে বিকেলে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।





একটি মন্তব্য পোস্ট করুন